তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

দাউদকান্দিতে মারকাজ মসজিদকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, আহত ৯ জন

ছবি : প্রতিদিনের সংবাদ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে মারকাজ মসজিদের কমিটি ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মারকাজ মসজিদের কমিটি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মসজিদটি দীর্ঘদিন বন্ধ ছিল। সেই ঘটনার ধারাবাহিকতায় ৫ জুলাই রবিবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম হুগুলিয়া গ্রামের নাজমুলের দোকানের সামনে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

গৌরীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা সাইফুল ইসলাম জানান, নাজমুলের দোকানের সামনে দুলাল মিয়া উস্কানিমূলক কথা বলার কারনে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত সমাজের লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়ে ও মারধর করে আহত করেছে।

এ ঘটনায় আহতদের মধ্যে সাদ গ্রুপের রমজান (৪৫), নাজমুল (২৮), সোহাগ (৩৫), রাকিব (২৩), কাউসার (৩২), আবদুল্লাহ (১৭), রিপন (মহিলা, ৪৫) ও রাফি (১২) রয়েছেন। অপরদিকে জুবায়ের গ্রুপের সোহেল (৪৫) গুরুতর আহত হন। গুরুতর আহত সোহেল ও কাউসারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মারকাজ মসজিদের কমিটি নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকজন অংশ নেন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়