শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শন, সন্তুষ্ট বিশেষ টিম

ঝিনাইদহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে জায়গা পরিদর্শন করেছে বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম।
সোমবার (৬ জুন) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর ও দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন টিমের সদস্যরা।
পরিদর্শন টিমের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান।
ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্তের আশা: জায়গা পরিদর্শন শেষে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন,
"বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রতিভাবান তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে। ঝিনাইদহ জেলার ক্রীড়াক্ষেত্রে অনেক অবদান রয়েছে। এই প্রতিষ্ঠানটি শৈলকুপায় প্রতিষ্ঠিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।"
দ্রুত কাজ শুরুর আভাস: পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে টিমের প্রধান ও বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান বলেন, "প্রাথমিক পরিদর্শনে দুটি স্থানই আমাদের কাছে বেশ উপযোগী বলে মনে হয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত ক্রীড়া মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবো। তারপর ক্রীড়া মন্ত্রণালয় ও বিকেএসপি যৌথভাবে পরবর্তী সিদ্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই এই আঞ্চলিক ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।"
পিডিএস/এমএইউ









































