হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহ উদযাপন

চট্টগ্রামের হাটহাজারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চারা বিতরণের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকার গৃহীত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দেশে প্রথমবারের মতো সরকারিভাবে এই দিবস ও সেবা সপ্তাহ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ ও বিতরণের অংশ হিসেবে এই সেবা সপ্তাহে সদস্যদের মাঝে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন। তিনি সংস্থার কার্যক্রম তুলে ধরে বলেন, পল্লী উন্নয়ন অধিদপ্তর গ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত অর্থবছরে হাটহাজারী উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর স্থানীয় পর্যায়ে ৩ কোটি ১৪ লক্ষ টাকা ঋণ বিতরণ এবং ২ কোটি ৯৭ লক্ষ টাকা ঋণ আদায় করেছে। এছাড়া ২৬৭ জন সদস্যকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে সদস্যদের শেয়ার সঞ্চয় প্রায় ১৪ কোটি টাকায় উন্নীত হয়েছে, যার বিপরীতে লভ্যাংশও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সমিতির পরিচালক লায়ন অনুপম বড়ুয়া ও নূরুল আমিন, পল্লী জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা গোলাম হোসেন, ইউসিসি সদস্য আলতাফ রহমান হেলালী এবং জুনিয়র অফিসার সুদীপ্তা তালুকদার। এতে পল্লী জীবিকায়ন প্রকল্প ও কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপকারভোগী সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়।
পিডিএস/এমএইউ









































