আবুল কাসেম ফজলুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শেষশ্রদ্ধা

দেশের বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার বেলা ১১টায় আবুল কাসেম ফজলুল হকের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। এরপর তার প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় আবুল কাসেম ফজলুল হকের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অপরাজেয় বাংলার সামনে। সেখানে বেলা ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় আবুল কাসেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলা একাডেমির পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে মহাপরিচালক মোহাম্মদ আজম শ্রদ্ধা জানান। আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি ছিলেন।
আবুল কাসেম ফজলুল হক গতকাল রবিবার আকস্মিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে দেশের শিক্ষা-সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।









































