প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, মন্ত্রণালয় সোমবার (৬ জুলাই) এ-সংক্রান্ত নির্দেশনাপত্র বাতিল করেছে।
মন্ত্রণালয় গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দেশনাপত্র দিয়েছিল।
জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি নির্দেশনাপত্র পাঠায়। সেখানে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।









































