শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শিবচরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের ময়নাকাটা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

সভায় স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবচর উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান। তিনি গ্রামীণ উন্নয়ন, সমবায়ভিত্তিক কার্যক্রম এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হরিশ চন্দ্র বোস এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের সমন্বিত বিকাশের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

​আলোচনা সভায় শিবচর উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান তাঁর বক্তব্যে বিআরডিবির বিভিন্ন কার্যক্রমের একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি, আয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে বিআরডিবি সরাসরি ভূমিকা পালন করে আসছে।"

​তিনি জানান, বর্তমানে শিবচর উপজেলায় বিআরডিবির অধীনে মোট ৬৩০টি সমিতি রয়েছে, যার মোট সদস্য সংখ্যা প্রায় ১১,৫০০ জন। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক গতিশীলতা সচল রাখতে চলতি বছরে উদ্যোক্তা ঋণ, পেশাজীবী ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, কৃষি ঋণ এবং অপ্রধান শস্য ঋণসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২০.৫০ কোটি (সাড়ে বিশ কোটি) টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, "বিআরডিবি গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে একটি বিশেষ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।"

​তিনি আরও বলেন "বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। আমাদের সিংহভাগ মানুষ গ্রামে বাস করে। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে দেশ কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।"

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভিন্ন সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে উপজেলার সফল সমবায়ী ও সফল উদ্যোক্তাদের মাঝে নগদ টাকার চেক ও ক্রেস্ট বিতরন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়