মৌলভীবাজারে আনসার-ভিডিপির অভিযানে মাদকসহ কারবারি আটক

মৌলভীবাজারের জুড়ীতে ১২ পুঁটলি গাঁজাসহ মিরাজ মিয়া (৫৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে আনসার ও ভিডিপি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আড়াইটার দিকে জুড়ী উপজেলার মনতৈল গ্রামে উপজেলা আনসার কোম্পানি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে এই আকস্মিক অভিযান চালানো হয়।
আটক মিরাজ দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে জুড়ী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাইফুর রহমান বিষয়টি আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মৌলভীবাজারকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টের সরাসরি নির্দেশনায় আনসার কমান্ডার সাইফুর স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে বিকাল আড়াইটার দিকে মিরাজ মিয়ার বাড়ি চারদিক থেকে ঘেরাও করেন। এরপর তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে আটক করা হয় এবং ১২ পুঁটলি গাঁজা জব্দ করা হয়।
১৩ জুলাই মাদক কারবারির দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মহান জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণ (সংশোধিত) বিল'২০২৬ পাস হয়েছে। আইন পাসের পরপরই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় দেশজুড়ে চলমান মাদকবিরোধী কঠোর অবস্থানের পাশাপাশি‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।
জুড়ীর এই ঝটিকা অভিযান সেই নির্দেশনা বাস্তবায়নেরই অংশ । অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজাসহ আটক মাদক কারবারিকে জুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের যৌথ সমন্বয়ে তাকে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় জনসাধারণ আনসার বাহিনীর এমন মাদকবিরোধী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন।
দেশজুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও সরকারের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয়। স্থানীয় বাসিন্দারা আনসার বাহিনীর এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। মৌলভীবাজার জুড়ীর এই অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে একটি উজ্জ্বল এবং অনুকরণীয় দৃষ্টান্ত।









































