তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তাড়াশে দুই লাখ টাকার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নওগাঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

অভিযানকালে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ হাটে অবৈধ কারেন্ট জাল কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অভিযানে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, “কারেন্ট জাল জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাছের পোনা নিধন করে মৎস্যসম্পদ ধ্বংস করছে। নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধে আমরা কাজ করছি। আজকের অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।”

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় সরকার কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। জাটকা ও মা মাছ রক্ষায় এবং মৎস্যসম্পদের বংশবিস্তার নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়