reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

এক বছরের মাথায় পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইউলিয়া সিভিরিদেঙ্কো

দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় মন্ত্রিসভার এই রদবদলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী আইনপ্রণেতারা।

মঙ্গলবার পার্লামেন্টে ৪০ বছর বয়সি অর্থনীতিবিদ ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাব পাস হয়। তবে নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে জেলেনস্কি এখনো কিছু জানাননি। এ কারণে এই পরিবর্তনের লক্ষ্য কী, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন কয়েকজন আইনপ্রণেতা।

বিদায়ি ভাষণে ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, ‘চলতি বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবিদার। আমার প্রতি সমর্থন ও আস্থা রাখায় সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা জানেন, আমি সব সময়ই বিশ্বাস করেছি— সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফলাফল।’

সাদা পোশাক পরে পার্লামেন্টে দেওয়া ওই ভাষণে ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকাল মোকাবিলা করা। কারণ, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ও গ্যাস অবকাঠামোর ওপর রাশিয়া হামলা আরো জোরদার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী আইনপ্রণেতা ওলেক্সি হনচারেঙ্কো বলেন, ‘সরকারকে কেন বিদায় দেওয়া হচ্ছে, তা সুনির্দিষ্টভাবে কেউ ব্যাখ্যাই করতে পারছে না।’

আরেক বিরোধী আইনপ্রণেতা কিরা রুদিক বলেন, নতুন সরকার আগের সরকারের চেয়ে খুব বেশি ভিন্নভাবে কাজ করবে বলে তার আশা নেই।

ইউলিয়া সিভিরিদেঙ্কোর সময়ে দেশটিতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও ওই ঘটনায় ইউলিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। সমালোচকরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি যথেষ্ট কঠোর ব্যবস্থা নেননি।

বিরোধী দল হলোসের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বিদায়ি সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে— প্রতিদিন উপস্থাপনা, প্রতিদিন সম্মেলন আর প্রতিদিনই দুর্নীতির মামলায় নতুন একজন সন্দেহভাজনের নাম।’

আইনপ্রণেতাদের ধারণা, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি নাফতোগ্যাসের প্রধান সেরহি কোরেৎসকিই নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়