ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি জোরদারে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ

ছবি : প্রতিদিনের সংবাদ

ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত এ সংলাপ শহরের স্বপ্নতরী কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর ও জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কোঅর্ডিনেটর মো. রাসেল আহমেদ। সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া বলেন, “বিশ্বের যেসব দেশ শান্তি সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে, সেসব দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্র নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, যেসব দেশে গণতন্ত্র দুর্বল বা একনায়কতান্ত্রিক শাসন বিদ্যমান, সেসব দেশ শান্তি সূচকে পিছিয়ে রয়েছে।” তিনি আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সকলের মধ্যে সহিষ্ণুতা, নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে।

সংলাপে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু হুরাইরা, পিএফজি কোঅর্ডিনেটর ও খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, জাতীয় পার্টির সদস্য সচিব নাছির আহমেদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শামীমা বাছির স্মৃতি, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি এম এ রকিব, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি লিটন হোসেন জিহাদ, জাতীয় ওলামা সমন্বয় পরিষদের জেলা সভাপতি মাওলানা ক্বারী আনিসুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত চৈতন্য দাস, ইসকনের অধ্যক্ষ রত্নেশ্বর দাস এবং তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সংলাপে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং রাজনৈতিক সহিষ্ণুতা বজায় রেখে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়