গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
কিস্তি আদায়ের সুবাদে পরিচয়, অতঃপর ধর্ষণের অভিযোগে কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিস্তি আদায়ের সুবাদে এক স্বামীপরিত্যক্তা নারীর সঙ্গে পরিচয়ের পর বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে টিএমএসএসের এক কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপুর গ্রামের এক স্বামীপরিত্যক্তা নারী অভিযোগ করেন, গত ডিসেম্বর মাসে তাঁর ভাইয়ের বাড়িতে টিএমএসএসের কিস্তি সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত মো. সামিউল ইসলামের (২৭) সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখাতে থাকেন সামিউল।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ মে ২০২৬ রাত সাড়ে আটটার দিকে ভুক্তভোগীর ভাই ও ভাবি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত তাঁর ভাইয়ের বাড়িতে গিয়ে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওই নারী জানতে পারেন যে তিনি প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
মামলার অভিযুক্ত মো. সামিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ পৌর এলাকার চকগোবিন্দে অবস্থিত টিএমএসএস শাখায় কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৯) করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পিডিএস/এমএইউ









































