চাঁদপুর  প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর ‘কটূক্তির’ প্রতিবাদে চাঁদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী।

পরে বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়কে অবস্থান নিয়ে তুমি কে, আমি কে ফার্মের মুরগি, ফার্মের মুরগি, আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল। সেইসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন তারা।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুুলিশ সুপার, (সদর সার্কেল) মো.খায়রুল কবীর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশ, ডিবি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুুলিশ সুপার, (সদর সার্কেল) মো.খায়রুল কবীর বলেন, শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। পরে তারা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়