নৌবাহিনীর প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, আগামী ২৩ জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আগামী ২৩ জুলাই অপরাহ্নে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে। একই দিন থেকে আগামী ২২ জুলাই ২০২৯ অপরাহ্ন পর্যন্ত তাঁকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উপসচিব এম. জে. আরিফ বেগ সই করেছেন।
এদিকে চাকরি থেকে অবসরে যাওয়ার আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে এ সাক্ষাতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দুই বাহিনীর পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই বাহিনীর প্রধান।









































