বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি

বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১১ জন সহকারী অধ্যাপক ও ১৭ জন প্রভাষক রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
এ ছাড়া প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ পিডিএসে লগইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।
প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব আবেদনের ভিত্তিতে এ বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে এ বদলির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) বা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না।
প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।









































