নোয়াখালী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি জিপ গাড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ ও বিপ্লব।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে চৌমুহনী পৌরসভার করিমপুরস্থ রূপসা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এ সময় আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের জিপ গাড়ি তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে রাখা ছিল। গ্রেফতারকৃত দুজনের বাড়িই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

পুলিশ আরও জানায়, আটককৃত আসামি মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নিয়ন্ত্রণে বেগমগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়