বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই আলা উদ্দিন জানান, সকাল ১১টার দিকে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত শ্রমিকরা জানিয়েছেন, কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

এ ছাড়া আহসানুল হক (৪৫) নামে আরও একজন শ্রমিক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তাই তাদের আর কোনো পদক্ষেপ নিতে হয়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক (এডমিন) মো. বোরহানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়