লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

লামা উপজেলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জামায়াতের নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, লামা সার্কেল এএসপি মাসুদ সরকার, লামা বন বিভাগের এসিএফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও দুই জন জুলাই যোদ্ধা মঞ্চে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ এবং গীতা পাঠ করা হয়। পরে উপস্থিত দুই জুলাই যোদ্ধার অসুস্থ্যতা হেতু জুলাই আন্দোলনের নেতা মো. এমদাদুল হক মিলন স্বাগত বক্তব্য প্রদান করেন।
তিনি জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সে।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রসঙ্গত: দিবসের অনুষ্ঠানে আজ বিএনপির কোনো নেতা কর্মীদের উপস্থিত হতে দেখা যায় নি।









































