কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় কৃষিজমি ভরাটের অভিযানে বাধা: যুবকের এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা এলাকায় কৃষিজমি ভরাটের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে বাধা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি এবং হামলার চেষ্টা করার দায়ে মো. জাহাঙ্গীর ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে কৃষিজমি ভরাটের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে রাইতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, একটি কৃষিজমি ইতিমধ্যে অবৈধভাবে ভরাট করা হয়েছে এবং পাশের আরও জমি ভরাটের প্রস্তুতি চলছিল। এ সময় ভরাট কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলে মো. জাহাঙ্গীর ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। একপর্যায়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট টিমকে হুমকি দেন এবং তাঁদের ওপর হামলার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি কাজে বাধা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অপরাধে মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও শ্যামবাড়ী বিল থেকে অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি ও জলাশয় ভরাট বন্ধে একই এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একাধিকবার অভিযান পরিচালনা করেছেন। এরপরও একটি চক্র অবৈধভাবে কৃষিজমি ভরাটের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কসবা উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ সংরক্ষণে অবৈধ ভরাট এবং মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































