reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

গোপালগঞ্জ থিয়েটারের ৫ দিনব্যাপী নৃত্যনাট্য কর্মশালা শুরু

"নাটক কোনো সাধারণ বিনোদনের খেলা নয়, এটি আত্মিক সাধনা ও গভীর তপস্যার তুল্য"— এই ভাবধারাকে সামনে রেখে ঐতিহ্যবাহী গোপালগঞ্জ থিয়েটার-এর আয়োজনে শুরু হলো ৫ দিনব্যাপী প্রযোজনাভিত্তিক নৃত্যনাট্য কর্মশালা।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ থিয়েটারের নিজস্ব মহড়া কক্ষে উৎসবমুখর পরিবেশে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই নিবিড় কর্মশালাটি চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সমন্বয়ে ‘মৈমনসিংহ-গীতিকা’র কালজয়ী কাহিনী অবলম্বনে নির্মিত হবে নতুন নৃত্যনাট্য 'মহুয়া সুন্দরী'।

গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি নাট্যজন শেখ আব্দুস সবুরের প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব এস, এম জাহিদুল হক (কচি)।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন দিনাজপুর থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক জনাব পল্লব সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি গোপালগঞ্জের নাট্যকলা প্রশিক্ষক, কবি ও নাট্যজন মাহফুজ রিপন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক ও অভিনেতা ইউসুফ আলী কাজী। কঠোর অডিশনের মাধ্যমে নির্বাচিত প্রায় ২৫ জন উদীয়মান নাট্যকর্মী এই কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

নতুন এই প্রযোজনা নিয়ে গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি নাট্যজন শেখ আব্দুস সবুর আশাবাদ ব্যক্ত করে বলেন, "কর্মশালা শেষে নির্মিত ‘মহুয়া সুন্দরী’ নৃত্যনাট্যটি কেবল গোপালগঞ্জেই নয়, বরং দিনাজপুর এবং ভারতের পশ্চিমবঙ্গেও মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে আমাদের।"

সাংস্কৃতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার এবং স্থানীয় নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়