মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)

  ১ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার আজ, আরোগ্য কামনায় দোয়া-প্রার্থনা

ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তাঁর টোটাল হিপ রিপ্লেসমেন্ট (হিপ জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. ডরেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি টিম এ অস্ত্রোপচার সম্পন্ন করবেন। অস্ত্রোপচারের আগে মন্ত্রী ও তাঁর পরিবার দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত ও দোয়ার আবেদন জানিয়েছেন।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশবাসীর কাছে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, “মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দেন।”

এরই মধ্যে চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা, দারুল উলুম হাটহাজারী, নানুপুর, জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন শীর্ষ দ্বীনি প্রতিষ্ঠানে তাঁর আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়