বেনাপোল প্রতিনিধি
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। আটক নাইম উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলসারা গ্রামে শিশুটির বাবার একটি মুদিদোকান রয়েছে। তিনি মেয়েকে দোকানে বসিয়ে রেখে নাস্তা করতে বাড়ির ভেতরে যান। এ সুযোগে নাইম দোকানে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে তার বাড়ি থেকে আটক করে পুলিশে দেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা করা হয়েছে (মামলা নম্বর: ৩১, তারিখ: ২৩ জুলাই)। আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
পিডিএস/এমএইউ









































