সিরাজগঞ্জ প্রতিনিধি
নদী রক্ষায় রায়গঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা

ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর সহযোগিতায় স্থানীয় ভূমিহীন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
প্রথম দিন বুধবার সকালে ধানগড়া ইউনিয়নের ফুলজোড় নদীতীরবর্তী কুটিরচর গ্রামে উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দুপুরে ধানগড়া পূর্বপাড়া ও সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় পর্যায়ক্রমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে ঘুরকা ইউনিয়নের রয়হাটি গ্রাম এবং বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কর্মসূচি চলে, যা সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
দুই দিনের এ কর্মসূচিতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য এবং পরিবেশবিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নদী দূষণ, অবৈধ দখল, শিল্পবর্জ্য ও পরিবেশ বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে ‘নিজেরা করি’-এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, রায়গঞ্জ সমন্বয়ক আছাবুর রহমান ও স্থানীয় জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস বক্তব্য দেন। এ সময় স্থানীয় ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, "নদী বাঁচাও, দেশ বাঁচাও"—এই অঙ্গীকার নিয়ে ফুলজোড় ও করতোয়া নদীকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নদী রক্ষার এ উদ্যোগ আরও বিস্তৃত করতে সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পিডিএস/এমএইউ









































