রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
রাজাপুরে পৃথক ডাকাতি মামলায় গ্রেপ্তার ৪

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল ও কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর মঠবাড়িয়ার মো. জুয়েল মৃধা (৪২), মো. রাশেদুল হোসেন (২৫), মো. হাসান হাওলাদার (৩০) এবং কাঠালিয়ার মো. শাহ আলম সিকদার (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গত ১৯ জুলাই দায়ের করা ডাকাতি মামলায় বরিশাল সদরের ভাড়াবাসা থেকে জুয়েল, রাশেদুল ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২২ জুলাইয়ের মামলায় কাটাখালী এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর চার আসামিকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, আসামিদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পিডিএস/এমএইউ









































