টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা দূর, মশার বিস্তার নিয়ন্ত্রণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু করেছে পৌরসভা।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পাটগাতি বাজারে ড্রেন পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জহিরুল আলম জানান, দীর্ঘদিন পরিষ্কার না করায় ড্রেনে ময়লা জমে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। পরিষ্কারের কাজ শেষ হলে মশা নিধনে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হবে। পাশাপাশি নাগরিকদের যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্ন পৌরসভা গঠনে সহযোগিতার আহ্বান জানান তিনি।
পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন জানান, পাটগাতি বাজারের সাড়ে ৩ কিলোমিটার এবং পাচকাহনিয়ার ৫০০ মিটারসহ মোট সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। সম্পূর্ণ কাজ শেষ হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। এতে চলতি বর্ষায় পৌরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।









































