মাভাবিপ্রবি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাভাবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার তিন তলার বারান্দায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে নিচে পড়ে গুরুতর আহত হলে সহপাঠীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ ও শিক্ষকরা হাসপাতালে ছুটে যান। পরে প্রশাসন মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।

শুক্রবার (আজ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজা এবং পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়