নিজস্ব প্রতিবেদক

  ১ ঘণ্টা আগে

সামান্য বৃষ্টিতেই ডুবছে তিতুমীর কলেজের মাঠ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ছবি : প্রতিদিনের সংবাদ

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের একমাত্র খেলার মাঠে। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় মাঠে জমে থাকছে। এতে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের অবসর সময় কাটানো এবং কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে পানি নিষ্কাশনের জন্য ড্রেন সংস্কার করা হলেও তা কোনো কাজে আসেনি। সম্প্রতি বৈরী আবহাওয়ায় টানা বৃষ্টিতে পুরো মাঠ যেন জলাশয়ে পরিণত হয়, যা পরবর্তীতে কাদা-পানিতে রূপ নিয়ে তীব্র ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। গ্রীষ্মের দিনে যে মাঠটি শিক্ষার্থীদের আড্ডা ও খেলাধুলার কেন্দ্রবিন্দু থাকে, বর্ষা এলেই তা যেন এক বড় দীঘিতে পরিণত হয়।

শিক্ষার্থীদের দাবি, মাঠটি কলেজের একমাত্র উন্মুক্ত স্থান হওয়ায় এটি খেলার উপযোগী রাখতে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং নিচু অংশগুলো মাটি দিয়ে ভরাট করা জরুরি।

কলেজটির ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাকিব জানান, “তিতুমীর কলেজের একমাত্র মাঠটি শিক্ষার্থীদের আড্ডা ও খেলাধুলার প্রধান স্থান। কিন্তু সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে ডুবে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে, ফলে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে নিচু অংশগুলো ভরাট করা দরকার।”

২০২০-২১ সেশনের অপর শিক্ষার্থী জিহাদ বলেন, “সরকারি তিতুমীর কলেজ রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। সুন্দর পরিবেশের প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে। কিন্তু বৃষ্টি হলেই মাঠ জলে ভেসে যায়, অথচ মাঠের পানি নিষ্কাশনে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।”

শিক্ষার্থীরা জানান, এই জলাবদ্ধতা নিরসনে কলেজ প্রশাসন বারবার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। মাঠ সংস্কারে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রম আরও বাধাগ্রস্ত হবে বলে তাঁরা শঙ্কা প্রকাশ করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়