২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৮ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত নানা আলামত উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির শুক্রবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির আটটি বিভাগে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ৭০ জন, গুলশান বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ৬২ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল ফেন্সিডিল ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মাদকের পাশাপাশি অভিযান স্থানগুলো থেকে ৮টি মোবাইলফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ, র্যাবের একটি ভুয়া পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি ও একটি গাড়ি জব্দ করা হয়। এ ছাড়া ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা সেবনের পাইপ, একটি গলিত আলামতযুক্ত ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার ও এক টুকরা কাঠ উদ্ধার করেছে পুলিশ।









































