সিরাজগঞ্জ প্রতিনিধি
বাবা-স্ত্রীসহ খাদ্য অধিদপ্তরের কর্মচারীর কারাদণ্ড, কোটি টাকার জরিমানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জে খাদ্যগুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামকে (৩৯) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধে সহায়তা করায় তাঁর বাবা শহিদুল ইসলাম প্রামাণিক ও স্ত্রী ডলি বেগমকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পাবনা স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরদমদমা গ্রামের শহিদুল ইসলাম প্রামাণিকের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা খাদ্যগুদামের সাবেক সহকারী উপ-খাদ্য পরিদর্শক এবং বর্তমানে কাজীপুর উপজেলা খাদ্যগুদামে একই পদে কর্মরত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মলয় কুমার দাস রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৯ ডিসেম্বর পাবনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলার বিচারকাজ ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মনিরুল ইসলামসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের নামে থাকা অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।
পিডিএস/এমএইউ









































