দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুরে চা বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সামিরুল শাহ (৬২) নামে এক চা বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের তেকালার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামিরুল তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে এই এলাকায় বসবাস করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাঠে বাঁশের মাচার ওপর রক্তাক্ত অবস্থায় সামিরুল শাহের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতের মুখ, গলা ও শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় তাঁকে হত্যা করে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উন্মোচন ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









































