reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই: এনডিটিভি

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৫৭ বছর বয়সী এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জন্তর মন্তরে সিজিপির (CJP) নেতৃত্বে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকলেও, সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে, সরকার মন্ত্রীর পাশেই রয়েছে।

সরকারের মতে, পদত্যাগ করা হলো সবচেয়ে সহজ সিদ্ধান্ত। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে এবং আমরা কাজ করে দেখাব।

সূত্র আরও জানায়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) সমস্যাগুলোর একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুতই এগুলোর সমাধান করা হবে। ইতিমধ্যেই প্রশ্নফাঁসে জড়িত একাধিক চক্রকে ধরা হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সংবিধান ক্লাবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজিপির দ্বিতীয় দফার আলোচনা হয়েছে। বৈঠকে সরকারের পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও পিএমওর প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজিপির পক্ষে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।

পদত্যাগের দাবি: সিজিপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে এবং মুখপাত্ররা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহারের কোনো সুযোগ নেই। এই বিষয়ে সিদ্ধান্তের জন্য সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

যেসব দাবিতে সম্মতি: শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর থেকে মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত ও আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে। উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি, দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারীদের সমর্থনে আমরণ অনশনে থাকা অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক তার অনশন ভঙ্গ করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়