reporterঅনলাইন ডেস্ক
  ৫৩ মিনিট আগে

কাফরুলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুলে সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ইউসুফ আলী (৪৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এই গোলাগুলির ঘটনায় মনির হোসেন (৩২) নামে যুবদলের অপর এক সদস্য এবং নালাম সরদার নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর কাফরুল এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাতে কাফরুল এলাকায় ৭ থেকে ৮ জন লোক একসঙ্গে বসে আড্ডামুখী আলাপ করছিলেন। হঠাৎ করেই তিনজন অস্ত্রধারী লোক সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। আকস্মিক এই হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পরবর্তীতে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

গোলাগুলির পরপরই গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবদল কর্মী ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন ও পথচারী নালাম সরদারকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মাসনুন আলম জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়