দাকোপে ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলা কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির ও গোড়কাঠি রাধা-গোবিন্দ মন্দির কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় চালনা পৌরসভার রাধা-গোবিন্দ মন্দির চত্বর থেকে শত শত ভক্তের অংশগ্রহণে উল্টো রথযাত্রা শুরু হয়। রথটি টেনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বৌমার গাছতলা কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির কমিটির আহ্বায়ক অতীন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মোহন লাল মণ্ডল, সদস্য সচিব বিলাস বিশ্বাস, গৌতম সাহা, ডা. সন্তোষ কুমার মজুমদার, পরিমল চন্দ্র বিশ্বাস, সুভাষ হালদার, উত্তম মণ্ডল, বলরাম রায়, আশীষ বিশ্বাস, অনুপম রায়, বিজয় রায় ও দীপু রায়সহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।
রথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং ৯ দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর (জগৎ অর্থ বিশ্ব এবং নাথ অর্থ ঈশ্বর)। তাঁর কৃপা বা অনুগ্রহ লাভ করলে জীব মুক্তি পায়—এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা স্থাপন করে রথযাত্রা পালন করা হয়ে থাকে। ২৪ জুলাই এই বর্ণাঢ্য উল্টো রথযাত্রার মাধ্যমেই এ বছরের উৎসবের সমাপ্তি ঘটে।
পিডিএস/এমএইউ









































