কালিয়া (নড়াইল) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ছবি : প্রতিদিনের সংবাদ

নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মনি মিয়া শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। নিহত মনি মিয়া শেখ ওই ইউনিয়নের চর-জয়নগর গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়ি চর-জয়নগরে ফিরছিলেন মনি মিয়া। পথিমধ্যে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মরদেহ এখনো এলাকায় এসে পৌঁছায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়