শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
ধারদেনা করে মালয়েশিয়া গিয়ে লাশ হলেন ওয়াসিম, মরদেহ ফেরানোর আকুতি

সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় ধার-দেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা সোনারপাড়া গ্রামের ওয়াসিম। কিন্তু জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে আর জীবিত ফেরা হলো না তাঁর। গত সপ্তাহে প্রবাসী এই কর্মী কর্মস্থলে কর্মরত অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওয়াসিমের মরদেহ বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালের হিমঘরে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্বজনেরা এখন দিশেহারা। তাঁর পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই শিশু সন্তান রয়েছে। ওয়াসিমের মৃত্যুতে সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
নিহতের পরিবার জানায়, অনেক ঋণ করে তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। এখন সেই ঋণের বোঝা ও সংসারের দায়ভার সামলানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত মরদেহ দেশে এনে দাফন সম্পন্ন করতে এবং পরিবারটিকে টিকিয়ে রাখতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারাও মানবিক বিবেচনায় দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
পিডিএস/এমএইউ









































