চাঁদপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ আর নেই

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র ও ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল আলম জজ (৭২) পরলোক গমন করেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াইয়ের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই মো. মিরাজ। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য রফিকুল আলম জজ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী মতলব উত্তর উপজেলার জজনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জজনগর গ্রামের মরহুম আবু নাছের ওয়াহেদের সন্তান।

রফিকুল আলম জজের প্রয়াণে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি ছেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরবর্তীতে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। প্রথমে জাতীয় পার্টি ও পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন।

জনপ্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা বিস্তারেও তিনি অনন্য অবদান রেখে গেছেন। তিনি জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ এবং ‘জজ আইডিয়াল কল্যাণ ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় তিনি নিরলস কাজ করে গেছেন।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী হোসেন শোক প্রকাশ করে বলেন, “তিনি কেবল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবক। শিক্ষার প্রসারে তাঁর অবদান এই অঞ্চলের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি জানান, সাবেক এই মেয়রের মৃত্যুতে প্রশাসন গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়