রাজবাড়ী প্রতিনিধি

  ৫৯ মিনিট আগে

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজবাড়ী জেলা কারাগারে হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ থানায় একটি মামলা রয়েছে। এই সাতটি বিচারাধীন মামলার মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছিল। পরবর্তীতে ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়