রংপুর ব্যুরো
রংপুরে ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রংপুর নগরীর সিটি বাজার সংলগ্ন আই.জে.এ.বি মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ, নৈতিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের মেধা, যোগ্যতা ও নৈতিক শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অনৈতিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারি মাওলানা নূর মুহাম্মদ জিহাদী, জেলা শাখার সভাপতি এ.টি.এম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন সরকার এবং ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তাহমিদুর রহমান রতন।
সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ









































