টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

টুঙ্গিপাড়ায় একটু বৃষ্টিতেই তলিয়ে যায় ঘরবাড়ি ও কবরস্থান, ভোগান্তিতে ২০০ পরিবার

ছবি : প্রতিদিনের সংবাদ

একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট, ঘরবাড়ি, রান্নাঘর এমনকি কবরস্থানও পানিতে তলিয়ে যায়। জনপ্রতিনিধিরা বছরের পর বছর আশ্বাস দিলেও মেলে না কোনো স্থায়ী সমাধান। ফলে সামান্য বৃষ্টিতেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে নেমে আসে তীব্র জলাবদ্ধতা ও সীমাহীন দুর্ভোগ।

স্থানীয় সূত্র জানায়, পাটগাতী মধ্যপাড়া গ্রামে ৬টি বংশের পাঁচ শতাধিক পরিবারের বসবাস। এলাকায় রয়েছে চারটি মসজিদ, দুটি মাদ্রাসা, চারটি গণশিক্ষা কেন্দ্র ও ৬টি কবরস্থান। বিগত প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় গ্রামের ছয়টি কবরস্থানসহ প্রায় দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি ও রান্নাঘর পানিতে ডুবে থাকে।

বৃষ্টির পানিতে এলাকার অধিকাংশ রান্নাঘর ও উঠান ডুবে থাকায় চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। গ্রামে অধিকাংশ পরিবার মাটির চুলায় রান্না করেন এবং তাদের এলপিজি গ্যাস কেনার সামর্থ্য নেই। রান্নাঘর পানিতে নিমজ্জিত থাকায় অনেকেই একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে হোটেলে গিয়ে খাবার খাচ্ছেন।

শুধু দৈনন্দিন জীবনযাত্রাই নয়, চরম সংকট দেখা দিয়েছে স্বাভাবিক চলাফেরা ও ধর্মীয় উপাসনায়। মসজিদের সামনের রাস্তায় ময়লা ও নাপাক পানি জমে থাকায় মুসল্লিদের মসজিদে আসতে তীব্র বিড়ম্বনায় পড়তে হয়। সবচেয়ে করুণ চিত্র দেখা যায় কারও মৃত্যু হলে। কবরস্থানগুলো পানিতে ডুবে থাকায় সেখানে শেষকৃত্য সম্পন্ন করা কিংবা কবর খোঁড়া অসম্ভব হয়ে পড়ে।

গ্রামের বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে বারবার মৌখিক ও লিখিতভাবে জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও তাঁর বদলির পর সে উদ্যোগ আর এগোয়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম জানান, টুঙ্গিপাড়া নিচু এলাকা হওয়ায় বৃষ্টি হলেই অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। পাটগাতী মধ্যপাড়া গ্রামের এই জনদুর্ভোগের বিষয়টি অবগত হয়ে তিনি জরুরি ভিত্তিতে পানি অপসারণের ব্যবস্থা নিতে স্থানীয় প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়