মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মোহনগঞ্জে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, মালামাল উদ্ধারসহ যুবক গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমার চুরির অভিযোগে আল আমিন ওরফে দিপু (৩৪) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় সেচ কাজের জন্য স্থাপিত ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার থেকে ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যায়। চুরি হওয়া যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা। ঘটনাটি জানার পর থেকে চোর চক্রকে ধরতে অভিযানে নামে পুলিশ।

চোর চক্রের সদস্যরা যন্ত্রাংশগুলো চুরি করে পাশের একটি গ্রামে লুকিয়ে রেখেছিল। গত বৃহস্পতিবার বিকেলে আল আমিন সেই চোরাই মালামাল আনতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুতের ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, আটক আল আমিনকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়