বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও মাছ জব্দ, জরিমানা আদায় করে জেলের মুক্তি

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৬ জন জেলেকে আটক করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭টি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তর (আগ্রাবাদ)-এর সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ এবং ট্রলিং জাল বিনষ্ট করা হয়। এছাড়া মালিক পক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও মুচলেকা গ্রহণপূর্বক বোটসহ জেলেদের জিম্মায় হস্তান্তর করা হয়।
জব্দকৃত সামুদ্রিক মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়। জরিমানার টাকাসহ সর্বমোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































