বাকৃবি প্রতিনিধি
বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’: পর্যালোচনা ও আনন্দ আয়োজনে সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন’ (বাউএটিএইচ)-এর গেট-টুগেদার ও ভর্তি মৌসুমের বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠান ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় কেক কাটার মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। এতে প্ল্যাটফর্মের বিভিন্ন বর্ষের স্বেচ্ছাসেবক ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সদ্য সমাপ্ত শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনা। এতে প্ল্যাটফর্মের অর্জন, ভর্তিচ্ছুদের প্রত্যাশা পূরণ ও কাজের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন স্বেচ্ছাসেবকেরা। আগামী মৌসুমে কীভাবে কার্যক্রম আরও ফলপ্রসূ করা যায়, সে বিষয়েও বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
সিনিয়র এডমিন মো. লিমন মিয়া বলেন, “কৃষিগুচ্ছের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঠিক তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া বাউএটিএইচের মূল লক্ষ্য। প্রতি মৌসুম শেষে কাজের বিশ্লেষণ, আত্মসমালোচনা ও নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতেই এই ‘সমীক্ষণ ১.০’-এর আয়োজন করা হয়েছে।”
অন্যতম সিনিয়র এডমিন মাহমুদুল হাসান শুভ নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “২০২০ সালে এই প্ল্যাটফর্ম থেকে সঠিক দিকনির্দেশনা পেয়ে আমি বাকৃবিতে ভর্তি হতে পেরেছিলাম। পরবর্তীতে কাজের প্রতি ভালোবাসা থেকে এডমিন প্যানেলে যুক্ত হয়ে বিগত চার বছর ধরে পরামর্শ, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস ও পরিসংখ্যানমূলক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে আসছি। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জুনিয়র সদস্য ফুয়াদ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অনুষ্ঠানে আসার মাধ্যমে পারস্পরিক আন্তরিকতা ও কাজের অভিজ্ঞতা থেকে অনেক নতুন বিষয় শেখার সুযোগ হয়েছে।”
উন্মুক্ত আলোচনার পাশাপাশি আয়োজনে ছিল বাকৃবিভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ‘বালিশ বদল’ ও ‘বল ইন বাকেট’-এর মতো বিভিন্ন খেলাধুলার পর্ব। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন জগন্নাথ, ফুয়াদ ও বর্ষা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের উপহারসামগ্রী প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বাকৃবি শিক্ষার্থীদের পরিচালিত এই প্ল্যাটফর্মটি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছে।
পিডিএস/এমএইউ









































