কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
দাবি আদায়ে কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

মৌলভীবাজারের কুলাউড়ায় কালিটি চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। চলমান কর্মসূচির অংশ হিসেবে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় বাগানে এ কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিটি চা বাগান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষদাস অলমিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ দাস, কালিটি চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি রামু রায়, রাঙ্গীছড়া চা বাগানের সজল বড়কুর্মী, শ্রমিকনেতা গোপাল দাস, দয়াল অলমিক ও কার্তিক নাইডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা-জনগোষ্ঠীর ভূমির অধিকার ও মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিকদের সিবিএ (CBA) নির্বাচন দেওয়ার আহ্বান জানান তাঁরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সমাবেশ শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল পুরো বাগান এলাকা প্রদক্ষিণ করে।
পিডিএস/এমএইউ









































