গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ৪৬ মিনিট আগে

গোমস্তাপুর সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৭ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/২৪ আর-এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ওই ৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে চাঁড়ালডাঙ্গা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা ভারতীয় শূন্যরেখায় অবস্থানরত ওই ৭ জন পুরুষকে শনাক্ত করেন এবং বাংলাদেশে তাঁদের প্রবেশ কঠোরভাবে প্রতিরোধ করেন।

এ বিষয়ে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক মুঠোফোন বার্তায় জানান, বিজিবির বাধার মুখে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএসএফের মাধ্যমে ওই সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাঁদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তজুড়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি পূর্ণ সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি বদ্ধপরিকর।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়