শেরপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

পাহাড় ও বনখেকোদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: বন সংরক্ষক জহির উদ্দিন

ছবি : প্রতিদিনের সংবাদ

শেরপুরের প্রাকৃতিক ঐতিহ্য গারো পাহাড়ে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন বন অধিদপ্তরের কেন্দ্রীয় অঞ্চল (ঢাকা)-এর বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শেরপুরের মধুটিলা ইকোপার্ক এলাকায় ‘সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (সোয়ান)’ আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শেরপুরের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা করছে এই গারো পাহাড়। কিন্তু একটি অসাধু সিন্ডিকেট সেখানে থাবা বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। পাহাড়ের ছড়া, ঝরনা ও টিলা কেটে পরিবেশ ধ্বংস করার কারণে এখানকার জীববৈচিত্র্য আজ চরম হুমকিতে পড়েছে। এই পাহাড় ও বনখেকোদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পাহাড় ও প্রকৃতি রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “গারো পাহাড় বাঁচাতে সচেতন নাগরিক সমাজ, বন বিভাগ, বিজিবি, পুলিশ এবং জেলা ও উপজেলা প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। এখানকার স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ইআরটি টিমের সদস্যরা পরিবেশ রক্ষায় খুবই আন্তরিক। আশা করছি, খুব দ্রুতই এই অবৈধ সিন্ডিকেটের লাগাম টেনে ধরা সম্ভব হবে।”

এর আগে সকালে তিনি ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে হাতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সোয়ানের জেলা সভাপতি মো. নাঈম ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. এ. আজিজ, ‘শাইন’-এর নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল মোতালেব, বন্যপ্রাণী অধিকারকর্মী কাঞ্চন মিস্টার মারাক, বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী এবং এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)-এর সদস্যবৃন্দ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়