গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগের ৫ দিন পর থানায় মামলা দায়ের

গাইবান্ধার গোবیندগঞ্জে চার বছর বয়সী এক শিশু যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে শিশুটিকে ফল দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ঘটনার পাঁচ দিন পর শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় স্বজনদের সাথে বসবাস করে শিশুটি। গত ১৯ জুলাই সকালে স্বজনদের অগোচরে প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। অনেক সময় ধরে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী ওই বাড়ি থেকে কান্নার শব্দ শুনে ভেতরে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রভাব খাটিয়ে বিষয়টি সামাজিক বিচার বা সালিশের নামে কালক্ষেপণ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এতে নিরাপত্তাহীনতা ও দ্বিধাদ্বন্দ্বে পড়ে চিকিৎসা ও আইনি পদক্ষেপ নিতে বিলম্ব হয় শিশুটির পরিবারের। পরবর্তীতে বিষয়টি স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করলে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং পুলিশকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও সহায়তার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ায় অন্যান্য শারীরিক পরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা জানান, শিশু নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা নিবন্ধিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পিডিএস/এমএইউ









































