ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভাসুর মো. হানিফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় অভিযোগটি দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটির তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া এলাকায় নিজ ঘরের ভেতর শুয়ে ছিলেন ভুক্তভোগী। এ সময় ভাসুর হানিফ ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগীর স্বজনেরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি ইতিপূর্বেও এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং স্থানীয় সালিশের মাধ্যমে পার পাওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে হানিফের বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, “ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে অভিযুক্ত হানিফ আলীকে বাড়িতে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।”









































