সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

সিরাজগঞ্জে বাসচালককে জরিমানা ও টাকা দিতে না পারায় ভ্রাম্যমাণ আদালত হ্যান্ডকাফ পরানোয় সড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকেরা।
রবিবার শহরের বাজার স্টেশন সাতরাস্তার মোড় অবরোধ করেন তাঁরা। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী। পরে পৌনে ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, “বাজার স্টেশন শম্পা হোটেলের সামনে কাজিপুরের গাড়ি আসার পর যানজটের কারণে বাসটি বের হতে পারেনি। তখন ভ্রাম্যমাণ আদালত এসে আমাদের এক চালককে জরিমানা করেন। তাঁর কাছে টাকা না থাকায় তাঁকে হ্যান্ডকাফ পরানো হয়। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাড়ি বন্ধ করে দিয়েছেন।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “বাজার স্টেশন শম্পা হোটেলের সামনে গাড়ি দাঁড় করানো নিষেধ থাকলেও আজ দুপুরে সেখানে একটি বাস দাঁড় করানো ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন। এ কারণে বাসশ্রমিকেরা রাস্তা অবরোধ করে রাখেন। বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে। অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
পিডিএস/এমএইউ









































