বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বোয়ালখালীতে তালা ভেঙে ঘরে চুরি

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে একটি বসতঘরের তালা ভেঙে নগদ ৮৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামের চৌধুরীবাড়িতে এ চুরির ঘটনা ধরা পড়ে।

ক্ষতিগ্রস্ত সাইফুল চৌধুরীর ছেলে সায়েম জানান, রবিবার সকালে তাঁর বাবা-মা ঘরে তালা দিয়ে চিকিৎসা নেওয়ার জন্য চট্টগ্রাম নগরীতে যান। চিকিৎসা শেষে দেরি হওয়ায় তাঁরা রাতে আত্মীয়ের বাসায় অবস্থান করেন। সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন, বাইরের তালা ভাঙা এবং সামনের দরজা ভেতর থেকে আটকানো। পরে ঘরে ঢুকে দেখেন, দুটি আলমারির লক ভেঙে নগদ ৮৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরের আসবাবপত্রও তছনছ অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. মামুন উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে চুরি শেষে সামনের দরজায় লক লাগিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে।”

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়