ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় এনসিপির পদযাত্রার পথসভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাত ৮টায় ভালুকা বাসস্ট্যান্ড শহীদ স্মৃতিচত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় এনসিপি ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের (আশরাফ মাস্টার) সভাপতিত্বে ও হাবিব জেহাদীর সঞ্চালনায় বক্তব্য দেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ (এমপি), কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুল ইসলাম, ময়মনসিংহ জেলার আহ্বায়ক এ টি এম মাহবুব উল আলম, সদস্যসচিব মো. জসিম উদ্দিন, ভালুকা উপজেলা শাখার সদস্যসচিব ও এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম প্রমুখ।
পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমান ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় থাকার জন্য আগামী সংসদ নির্বাচনের জন্য তারেক রহমান ইতিমধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু করে দিয়েছেন। নির্বাচন কমিশনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন।” তিনি আরও বলেন, “সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিকে বসানো হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা বুঝে গিয়েছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়।” বিএনপির নেতৃত্বে বিভিন্ন ‘খারাপ লোক’ জায়গা পেয়েছে দাবি করে তিনি বলেন, “এসব ব্যক্তিকে বিভিন্ন উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। ফলে সাধারণ মানুষ উপজেলা প্রশাসনে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।”
পথসভায় এনসিপির নেতা সারজিস আলম তাঁর বক্তব্যে এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা, চাঁদাবাজি, প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা-মামলা এবং ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে দাবি করেন। সারজিস আলমের দাবি, ওই নেতাকে একসময় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে বিএনপির একজন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামলা করেছিলেন।
বিএনপির যেসব নেতাকর্মী ওই নেতার কথামতো চলেন না, তাঁদের ওপর হামলা এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন সারজিস। তিনি বলেন, “কিন্তু এই তারেক রহমানই তো আবার এই ধরনের লোকদের মনোনয়ন দিয়েছেন। তারা বহিষ্কারের নাটক করে আর মনোনয়ন দিয়ে সংসদে নেয়।”
পিডিএস/এমএইউ









































