যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় অংশ নেবেন না মাচাদো

ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে, তাতে তিনি অংশ নেবেন না।
রবিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মাচাদো ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, প্রস্তাবিত এই সংলাপের পরিকল্পনা, আয়োজন কিংবা বাস্তবায়নের কোনো পর্যায়েই তারা অংশ নেবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তারা জানান, সংলাপে অংশ না নিলেও দেশের জন্য প্রকৃত অগ্রগতি বয়ে আনতে পারে— এমন কোনো উদ্যোগে বাধা দেবেন না বলে। খবর বার্তা সংস্থা এএফপির।
চলতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডেলসি রদ্রিগেজ ও ২০১৫-২০২০ মেয়াদের সাবেক কয়েকজন বিরোধী সংসদ সদস্য দেশের গণতন্ত্রকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
এ বিষয়ে মাচাদো বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য, পরিধি বা সিদ্ধান্ত ব্যাখ্যা করা আমাদের দায়িত্ব নয়। যারা এই উদ্যোগ নিয়েছেন, তারাই দেশের মানুষকে এর লক্ষ্য, কার্যপদ্ধতি ও সময়সূচি সম্পর্কে জানাবেন।









































